মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৬:১২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২৬, ০৩:৫৭ পিএম

টঙ্গীতে জাল নোট তৈরির কারখানা সন্ধান, গ্রেপ্তার ৩

সারাদেশ
Sub Editor
টঙ্গীতে জাল নোট তৈরির কারখানা সন্ধান, গ্রেপ্তার ৩
গাজীপুরের টঙ্গীতে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-ছবি: সংগ্রহীত

গাজীপুরের টঙ্গী এলাকায় জাল টাকা তৈরির একটি গোপন কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাব। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার খোকন ভিলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকেই এই চক্রের সদস্যদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) এবং মো. জাহিদুল ইসলাম সবুজ (৩১)।

র‌্যাব জানায়, অভিযানে জাল টাকা তৈরিতে ব্যবহৃত চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপ, একটি স্ক্যানার, লেমিনেটিং মেশিন, বিভিন্ন কেমিক্যাল, রং ও বিশেষ ধরনের কাগজ উদ্ধার করা হয়। পাশাপাশি পাঁচ লাখ ৪০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও বিক্রি করে আসছিলেন। আসন্ন রমজান, ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে বাজারে জাল টাকা ছাড়ার প্রস্তুতিও চলছিল বলে জানায় র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব কর্মকর্তা মো. নাফিজ বিন জামাল বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট ও সাধারণ মানুষকে প্রতারণার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

আটকদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।