মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৯:১৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ এএম

আশুগঞ্জে ড্রাম বিস্ফোরণে শিশু নিহত

সারাদেশ
Sub Editor
আশুগঞ্জে ড্রাম বিস্ফোরণে শিশু নিহত
ছবি: সংগ্রহীত


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি ওয়ার্কশপে ড্রাম বিস্ফোরণের ঘটনায় মো. রায়হান (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

এ ঘটনায় ওয়ার্কশপ মালিক লোকনাথ দাস (২৪) আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার লালপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে রায়হান আশুগঞ্জ লালপুর বাজারের একটি ওয়ার্কশপে কাজ করত। ঘটনার সময় সে লোকনাথ দাসের ওয়ার্কশপের সামনে দিয়ে যাচ্ছিল।

এ সময় ওয়ার্কশপ মালিক লোকনাথ দাস একটি কেমিক্যালজাত পণ্যের খালি ড্রাম মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখ বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ভেতরে দাহ্য গ্যাস জমে ছিল। হঠাৎ সেটি বিস্ফোরিত হলে ড্রামের একটি অংশ ছিটকে গিয়ে রায়হানের মাথায় আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় রায়হান ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শিশুর মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।