মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৫:০৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:০৩ এএম

নির্বাচনের ফল আগেই সাজানো—মির্জা আব্বাসের অভিযোগ

অর্থ-বাণিজ্য
Sub Editor
নির্বাচনের ফল আগেই সাজানো—মির্জা আব্বাসের অভিযোগ
ছবি: সংগ্রহীত

একটি দলের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলের প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, তাদের হাতে ক্ষমতা থাকলে বিএনপিকে নির্বাচনে অংশ নিতেই দেওয়া হতো না। তিনি বলেন, সরকারের একটি অংশ পরিকল্পিতভাবে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে নির্বাচনে জয়ী করাতে প্রতিশ্রুতিবদ্ধ।

গতকাল নির্বাচনী প্রচারণার সময় এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাসের দাবি, এ পরিস্থিতিতে নির্বাচনে এখন আর সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই।

তিনি বলেন, প্রতিপক্ষের কর্মকাণ্ডই প্রমাণ করে মাঠ সমতাভিত্তিক নেই। তার ভাষায়, সুষ্ঠু পরিবেশ থাকলে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কেউ এ ধরনের অসভ্য ভাষায় প্রকাশ্যে কথা বলার সাহস পেত না।

প্রতিপক্ষের বক্তব্য প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত তারা যে ভাষায় কথা বলছে, আল্লাহর রহমতে তিনি ও তার নেতাকর্মীরা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। তিনি দলের নেতা-কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “নো রিঅ্যাকশন। ওরা যা বলার বলুক। নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধরে থাকব, তারপর দেখা যাবে কী হয়।”

এসব অভিযোগ নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লিখিত অভিযোগ দেওয়ার প্রয়োজন নেই। তার মতে, পত্রিকা, মিছিল, সভা, রেডিও ও জনসমাবেশে যেসব বক্তব্য আসছে, নির্বাচন কমিশন সেগুলো শুনছে ও দেখছে। নতুন করে অভিযোগ জানানোর দরকার কেন—সে প্রশ্নও তোলেন তিনি।

মির্জা আব্বাস আবারও অভিযোগ করে বলেন, সরকারের একটি অংশ কিছু লোককে নির্বাচনে পাশ করানোর লক্ষ্যে কাজ করছে, যার ফলে তাদের সঙ্গে বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তিনি বলেন, প্রতিপক্ষ পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছে, কিন্তু তিনি ও তার নেতাকর্মীরা সচেতনভাবে ধৈর্য ধরে আছেন।

প্রচার ও প্রচারণায় কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে বিএনপির এই নেতা বলেন, যদি প্রতিপক্ষের হাতে ক্ষমতা থাকত, তাহলে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে দিতো না। সে কারণে প্রচারে বাধার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।