মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১০:০৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৬, ০৪:১৭ পিএম

ডা. তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম

রাজনীতি
Sub Editor
ডা. তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম
ছবি: সংগ্রহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মুসলিম বিশ্বের তরুণদের অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে যারা রাজপথে সক্রিয় ছিল এবং জনগণের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, আগামী নির্বাচনে জনগণ তাদেরই বেছে নেবে। তিনি বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের চেতনাকে সবচেয়ে বেশি ধারণ করেছে। জামায়াত আমির নিজে জুলাই শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

তিনি আরও বলেন, গত ৫৪ বছরে বহু সরকার এসেছে এবং গেছে। সবাই নানা প্রতিশ্রুতি দিলেও কয়জন তা বাস্তবায়ন করেছে—সে প্রশ্ন আজও রয়ে গেছে। আসন্ন নির্বাচনে তরুণ সমাজ তাদের ভোট দেবে তাদেরই, যারা জুলাই বিপ্লবের চেতনা ও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এছাড়া বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এবং মাওলানা আবদুল হালিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।