মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১১:৩১ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৬, ০৪:২৯ পিএম

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র ভোলা, আহত ২৭ জন

রাজনীতি
Sub Editor
ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র ভোলা, আহত ২৭ জন
দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ভোলা - ছবি: সংগ্রহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জামায়াতে ইসলামীর ১২ জন এবং বিএনপির ১৫ জন নেতাকর্মী রয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ি এলাকায় এই সংঘর্ষ ঘটে।

আহত জামায়াত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হালিমসহ মো. ফয়জুল্লাহ, মো. ইমন, শাহেল আলম, মো. রাইহান, মো. শামীম, রাতুল ও তানজিল।
অন্যদিকে বিএনপির আহতদের মধ্যে আয়ুব আলী, শিমু বেগম, মো. বাবু, শামিম ও উজ্জলা বিবি রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে ২০–৩০ জন নেতাকর্মী ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণার একপর্যায়ে তারা বিএনপি কর্মী আয়ুব আলীর বাড়িতে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা লাঠিসোঁটা হাতে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে বিএনপি কর্মী আয়ুব আলী ও তার ভাইয়ের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে তাদের ১০–১২ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং গুরুতর আহত দুজনকে ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী মো. আজম বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে বিএনপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। তারাও আইনি পদক্ষেপ নেবেন বলে জানান।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।