মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০১:১৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৬, ০৬:৫৯ পিএম

তারেক রহমানের উপহার পাওয়া জন্মান্ধ গফুরের বাড়িতে হামলা-লুটপাট

সারাদেশ
Sub Editor
তারেক রহমানের উপহার পাওয়া জন্মান্ধ গফুরের বাড়িতে হামলা-লুটপাট
জন্মান্ধ আব্দুল গফুর মল্লিক - ছবি: সংগ্রহীত

রাজবাড়ীর পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে জন্মান্ধ বৃদ্ধ আব্দুল গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন ব্যক্তি হঠাৎ গফুর মল্লিকের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা টিনের ঘরের বেড়া কুপিয়ে ভাঙচুর করে এবং ঘরে থাকা প্রায় ৫৫ হাজার টাকা নিয়ে যায়। একই সময়ে গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও আক্রমণ করা হয়। সেখানে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি মালামাল ও নগদ অর্থ লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালক ছেলে বাতেন মল্লিক রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ, রেজাউল ইসলাম নাজিরসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, ব্যবসায়িক বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা ও লুটপাট চালানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ৭৮ বছর বয়সী আব্দুল গফুর মল্লিক জন্মান্ধ এবং তার কোনো সন্তান নেই। বড় ভাইয়ের ছেলে বাতেন মল্লিককে তিনি নিজের সন্তানের মতো করে বড় করেছেন। অল্প বয়স থেকেই সংগ্রামের মাধ্যমে জীবন চালিয়ে আসা গফুর মল্লিক দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে নারিকেলের নাড়ু, হজমি, চকলেট ও ভাজা বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

বয়সের ভারে বর্তমানে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এর আগে ২০২৪ সালের ৩০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।

 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।