মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০২:০৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ এএম

দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ কর্মী

রাজনীতি
Sub Editor
দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ কর্মী
ছবি: সংগ্রহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

যোগদানের সময় ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তার মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এবং বিএনপিতে যোগ দেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এই যোগদান অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. আসাদুল হক পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

এ বিষয়ে আসাদুল হক বলেন, “আমার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমি এতদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেব। আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় আমি এই দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।