বগুড়ার শেরপুর উপজেলায় চার্জে থাকা একটি মোবাইল ফোন বিস্ফোরণে পল্লী বিদ্যুতের এক কর্মচারীর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার টাউন কলোনি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি এস এম খোকন, তিনি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত।
এস এম খোকন জানান, দুপুরে বাড়িতে তার ব্যক্তিগত মোবাইল ফোন চার্জে দেওয়া ছিল। হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হলে পাশে থাকা কাপড়ে আগুন ধরে যায় এবং দ্রুত তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং বগুড়া সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ হাজার টাকা নগদ অর্থ, সাত ভরি স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজসহ ঘরের প্রায় সব আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা প্রথমে দূর থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে বিদ্যুতের শর্ট সার্কিটের আশঙ্কায় কেউ ঘরের ভেতরে ঢুকতে সাহস পাননি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।