আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সরকার গঠনের পরদিন থেকেই দেশ পুনর্গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ কেবল তথাকথিত উন্নয়নের গল্প শুনেছে, কিন্তু বাস্তবে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বেলস পার্কে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সারা দেশে অসংখ্য খাল-বিল ভরাট হয়ে পড়ে আছে। এসব খননের মাধ্যমে বন্যার ক্ষতি কমানো এবং পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। কৃষকদের জন্য হিমাগার নির্মাণ, শিক্ষার্থীদের জন্য আধুনিক স্কুল-কলেজ গড়ে তোলা এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার ব্যবস্থা করাও জরুরি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে বেকারত্ব একটি বড় সমস্যা। তাই কর্মসংস্থান সৃষ্টি বিএনপির অন্যতম অগ্রাধিকার হবে।
এসময় কৃষকদের জন্য বিশেষ ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষিঋণ মওকুফ করা হবে। তিনি জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে দেওয়া হবে—ইনশাআল্লাহ।