নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ভুখা মিছিল করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন তারা। পরে মিছিল নিয়ে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে বাধা দেয়।
বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে অগ্রসর হন। একপর্যায়ে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন।
‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশ করতে হবে এবং তা ১ জানুয়ারি থেকে কার্যকর করতে হবে।
এর আগে দাবির পক্ষে টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার সেই কর্মসূচি বাড়িয়ে চার ঘণ্টা করা হয়। পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার শহীদ মিনার থেকে বড় জমায়েত ও মিছিল আয়োজন করা হয়।
আন্দোলনকারীরা জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত দপ্তরে চার ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে।