মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৫:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম

দাদিকে হত্যার পর-নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের করে হত্যা

সারাদেশ
Sub Editor
দাদিকে হত্যার পর-নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের করে হত্যা
ছবি: সংগ্রহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনার খবর পাওয়া গেছে। উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন এলাকায় ঘরে ঢুকে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর তাঁর নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পৃথক দুটি স্থান থেকে পুলিশ দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন ভবানিপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল খার মা সুফিয়া খাতুন (৬৫) এবং তাঁর নাতনি জামিলা আক্তার (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। রাতের কোনো এক সময় বাড়ির আশপাশে কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা বাইরে বের হলেও কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়ে গেলে সবাই নিজ নিজ ঘরে ফিরে যান।

শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জামিলা আক্তারকে ঘরে না পেয়ে খোঁজ শুরু হয়। পরে বাড়ির কাছের একটি সরিষাক্ষেত থেকে তাঁর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজন সোহেল রানা জানান, দুর্বৃত্তরা সম্ভবত রাতে জামিলাকে অপহরণের উদ্দেশ্যে বাড়িতে আসে। বিষয়টি বুঝতে পেরে সুফিয়া খাতুন বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এরপর জামিলাকে পাশের ক্ষেতে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের পর হত্যা করে পালিয়ে যায় ঘাতকরা। ঘটনার সময় জামিলার বাবা ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে ছিলেন বলে জানা গেছে।

ঈশ্বরদী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ছাড়া ঈশ্বরদী সার্কেল পুলিশ-এর অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।

ঘটনার পর থেকে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।