মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১১:০৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ এএম

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সে মালিকানা কিনছেন মেসি

খেলা
Sub Editor
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সে মালিকানা কিনছেন মেসি
আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি স্প্যানিশ ফুটবলে দ্বিতীয় একটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন। ছবি: আল জাজিরা

আর্জেন্টাইন ফুটবল তারকা ও ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেন্সের মালিক হতে যাচ্ছেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে মেসির সঙ্গে নীতিগতভাবে চুক্তি হয়েছে।

তবে মালিকানা হস্তান্তরের আগে কিছু আইনি ও চুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে আর্থিক ও আইনগত যাচাই এবং স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের (সিএসডি) প্রয়োজনীয় অনুমোদন।

বর্তমানে কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান টিএইচ সলুসিওনেস গ্রুপ এসএএস ক্লাবটির প্রধান শেয়ারহোল্ডার। তাদের হাতে থাকা এলদেন্সের ১০০ শতাংশ শেয়ার কেনার প্রক্রিয়ার কাছাকাছি রয়েছেন মেসি।

৩৯ বছর বয়সী মেসি এরই মধ্যে স্পেনে একটি ক্লাবের মালিকানা নিয়েছেন। চলতি বছরের ১৬ এপ্রিল তিনি পঞ্চম স্তরের ক্লাব ইউই করনেইয়ার মালিকানা কিনেছেন। ক্লাবটি তাদের যুব একাডেমির জন্য পরিচিত এবং সেখান থেকে বেশ কয়েকজন খেলোয়াড় মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় খেলেছেন।

তবে এলদেন্সে খেলোয়াড় কেনার ক্ষেত্রে মেসির বড় অঙ্কের বিনিয়োগের সুযোগ সীমিত থাকবে। স্পেনের কঠোর বেতনসীমা নীতির কারণে ক্লাবটির দল গঠনে নির্দিষ্ট আর্থিক সীমাবদ্ধতা রয়েছে।

মেসি স্প্যানিশ ফুটবলে ক্লাব মালিক হওয়া প্রথম বড় তারকা নন। তার সাবেক সতীর্থ জেরার্ড পিকের মালিকানাধীন কসমস গ্রুপ স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আন্দোরার মালিক।

এদিকে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেও বিদেশি ক্লাবের বিনিয়োগে যুক্ত রয়েছেন। ভিনিসিয়ুস পর্তুগালের আলভারকার এবং এমবাপ্পে ফ্রান্সের এসএম কাঁ-এর সংখ্যাগরিষ্ঠ মালিকানার অংশীদার বিনিয়োগ গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

এলদেন্সের মালিকানা কেনার চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।