মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৩:২৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৭ পিএম

উপজেলা পরিষদ ও থানায় শেখ হাসিনার জন্মদিনের পোস্টার

রাজনীতি
Sub Editor
উপজেলা পরিষদ ও থানায় শেখ হাসিনার জন্মদিনের পোস্টার
কালকিনীতে উপজেলা পরিষদ ও থানার ফটকে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা পোস্টার ও বেলুন।-ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনীতে সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও কালকিনী থানা প্রাঙ্গণে ঝটিকা কর্মসূচি পালন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সরকারি দপ্তর ও পুলিশের কার্যালয়ে পোস্টার টাঙানো এবং বেলুন দিয়ে সাজানোর ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালকিনি পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

ভিডিওচিত্রে দেখা যায়, সকালে একদল নেতা-কর্মী কালকিনী উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের প্রধান ফটক ও সামনের পিলারে শেখ হাসিনার ছবি সংবলিত জন্মদিনের শুভেচ্ছা পোস্টার লাগান। পরে প্রবেশপথ বেলুন দিয়ে সাজানো হয়। পোস্টার লাগানোর পর এনায়েত হোসেন হাওলাদার উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়।

উপজেলা পরিষদ এলাকায় কর্মসূচি শেষে নেতা-কর্মীরা কালকিনী থানার দিকে যান। সেখানে থানার প্রধান ফটক ও সীমানাপ্রাচীরে একই ধরনের শুভেচ্ছা পোস্টার লাগানো হয় এবং বেলুন দিয়ে সাজানো হয়। এ সময় দলীয় স্লোগান দেন উপস্থিত নেতা-কর্মীরা।

সরকারি প্রশাসনিক দপ্তর ও পুলিশের কার্যালয়ের মতো স্পর্শকাতর স্থানে নিষেধাজ্ঞা এবং কঠোর নজরদারির মধ্যে এমন প্রকাশ্য কর্মসূচির ঘটনায় স্থানীয় পর্যায়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সাবেক মেয়রের নেতৃত্বে নেতা-কর্মীরা হঠাৎ সেখানে এসে দ্রুত পোস্টার ও বেলুন লাগিয়ে স্লোগান দিয়ে চলে যান। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা চলছে। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।