মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৩:০৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫১ এএম

হরমুজ খুলতে শর্ত, পরমাণু ইস্যুতে ছাড় দেবে না ইরান

আন্তর্জাতিক
Sub Editor
হরমুজ খুলতে শর্ত, পরমাণু ইস্যুতে ছাড় দেবে না ইরান
ইরানের রাজধানী তেহরানে একটি ভবনের সামনে হরমুজ প্রণালি নিয়ে টাঙানো বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মানুষ।-ছবি: রয়টার্স

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে। একই সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলতে ইরানের প্রস্তাব গ্রহণ করলেও পরমাণু কর্মসূচিতে কোনো নমনীয়তা দেখাবে না তেহরান।

ইরানের প্রস্তাব অনুযায়ী, সাত দিনের মধ্যে সব ফ্রন্টে যুদ্ধবিরতি, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় এবং তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো পদক্ষেপ নিতে হবে যুক্তরাষ্ট্রকে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার এসব শর্তের কথা জানান।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আশা প্রকাশ করেছেন, আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ অবসানের বিষয়ে একটি সমঝোতা হতে পারে।

তবে ইরানের ওই কর্মকর্তা জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ নিজেদের পরমাণু অধিকার নিয়ে তেহরান কোনো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্রের অন্যতম দাবি হলো ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়া।

যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ কয়েকটি পশ্চিমা দেশ দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।