মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৩:২১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪১ এএম

আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজা পলাতক

সারাদেশ
Sub Editor
আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজা পলাতক
শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা-ছবি: সংগৃহীত

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরত নেওয়ার সময় প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছেন মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৬টা ৫০ মিনিটে আসামিকে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে তিনি পালিয়ে যান।

কারাগার কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ফেরার পথে নাওজোর হাইওয়ে থানার আশপাশের কোনো একটি স্থানে ওই আসামি টয়লেটে যাওয়ার কথা জানান। পরে তাকে ভ্যান থেকে নামানো হলে সেখান থেকেই তিনি পালিয়ে যান বলে পুলিশ সদস্যদের কাছ থেকে জানতে পারে কারা কর্তৃপক্ষ।

সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, আসামি কারাগারের হেফাজতে থাকা অবস্থায় নয়, পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন। তাই এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারা কর্তৃপক্ষের এ ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।

পুলিশ চলতি বছরের ১৯ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করেছিল।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।