মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০১:৫৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ এএম

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের বিলবোর্ড সরাল এনসিপি

রাজনীতি
Sub Editor
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের বিলবোর্ড সরাল এনসিপি
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে লাগানো বিলবোর্ড সরিয়ে দিচ্ছেন এনসিপির নেতাকর্মীরা।-ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে মিরপুর-১-এর রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে লাগানো একটি বিলবোর্ড সরিয়ে দিয়েছেন দলটির নেতাকর্মীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান আসিফ মাহমুদ। এ সময় তার উপস্থিতিতে বিলবোর্ডটি সরিয়ে নেওয়া হয়। সেখানে এনসিপির নেতাকর্মীরা ‘দখলদারদের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশধারীদের হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার অভিযোগ করেন, হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভাঙচুর এবং লুটপাট করেন। পরে সেখানে দোকানদার সমিতির একটি সাইনবোর্ডও লাগানো হয় বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানের রেজিস্টার ও বিভিন্ন নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম ও পদ্ধতি, ওষুধ ও ভ্যাকসিন নিয়ে যায়। এছাড়া প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থ এবং আনুমানিক ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিনও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া একটি জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, তিনটি স্টিলের আলমারি, পাঁচটি স্টিলের ফাইল কেবিনেট, ল্যাবরেটরির বিভিন্ন সরঞ্জাম ও রিএজেন্ট, দুটি টেলিভিশন, দুটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টারসহ বিভিন্ন আসবাবপত্র লুটের অভিযোগও রয়েছে।

ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।