ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ বিমান হামলায় শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। এর আগে দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় আটজন নিহত হওয়ার এক দিনেরও কম সময়ের মধ্যে নতুন এ হামলার ঘটনা ঘটল।
খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানান, সোমবার ভোরে একটি বহুতল আবাসিক ভবনে রুশ বাহিনীর একটি গাইডেড বোমা আঘাত হানে। এতে ভবনটির দুটি তলা ধ্বংস হয়ে যায়। আহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে।
রোববার ইউক্রেনের বিভিন্ন এলাকাতেও রুশ হামলার খবর পাওয়া যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, উত্তরাঞ্চলীয় শহর সুমিতে বিমান হামলায় একটি শিশু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এবং তিনজন নিহত হন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।
ওদেসা অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, কৃষ্ণসাগরীয় অঞ্চলের দক্ষিণ অংশে ব্যাপক হামলায় একজন নিহত হয়েছেন। এতে আবাসিক ভবন, একটি দোকান, হোটেল, চিকিৎসাকেন্দ্র ও শস্যগুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানী কিয়েভেও রুশ ড্রোন হামলায় এক নারী ও ১৬ বছর বয়সী দুই কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শহরটির প্রশাসন জানিয়েছে, হামলায় ১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১২টি বাড়ি, একটি গুদাম ও একটি উৎপাদনকেন্দ্র রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনে ২ হাজার ২০০টির বেশি হামলাকারী ড্রোন, ১ হাজার ৬৩০টি বিমানবোমা এবং বিভিন্ন ধরনের ৩৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তিনি বলেন, রাশিয়া যদি সত্যিই যুদ্ধ পরিস্থিতি প্রশমনের উদ্যোগ নিতে চাইত, তাহলে এ ধরনের ব্যাপক ড্রোন হামলা চালাত না।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিয়েভে ইউক্রেনের সেনাবাহিনীকে সেবা দেওয়া দুটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে জানান, মস্কো সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল।
এদিকে সোমবার ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হামলায় বড় ধরনের আগুনের খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত হতাহতের তথ্য পাওয়া যায়নি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একাধিক আলোচনা হলেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি। জাতিসংঘও যুদ্ধের কারণে বেসামরিক মানুষের ওপর ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ জানিয়েছে।
উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।