পশ্চিম গাজা সিটিতে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতালের চিকিৎসাকর্মীরা।
আল জাজিরার খান ইউনিস প্রতিনিধি হানি আল-শায়ের জানান, শনিবার ভোরে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই রেমাল এলাকার আল-আসালা ভবনে হামলাটি চালানো হয়।
গাজা সিটির অন্যতম ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা রেমাল। সেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবু ও শিবিরে আশ্রয় নিয়ে বসবাস করছেন।
আল-শায়ের জানান, গভীর রাতে হামলাটি চালানো হয়, যখন বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।
তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিমানগুলোর শব্দ ক্রমেই জোরালো হতে শুনতে পাই। এরপর পরপর তিনটি হামলা হয়। এতে অ্যাপার্টমেন্টটিতে থাকা লোকজন নিহত হন।’
হামলার ফলে লক্ষ্যবস্তু অ্যাপার্টমেন্টটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিচের তলাগুলোতেও ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে। এতে বহুতল ভবনটির বিভিন্ন অংশে আরও ক্ষয়ক্ষতি হয়।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার আগে সেখানে অন্তত এক ঘণ্টা আগুন জ্বলতে থাকে।
আল-শায়ের ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেন। তাঁর ভাষ্য, বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
তিনি জানান, নিখোঁজ ব্যক্তি ও মরদেহের সন্ধানে সিভিল ডিফেন্সের সদস্যরা তখনও ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় ইসরায়েলি ড্রোনগুলো এলাকায় উড়ছিল এবং গাজা উপত্যকার ওপর দিয়ে যুদ্ধবিমান নিচু দিয়ে উড়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছিল।
আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাঁদের মধ্যে একজন বয়স্ক খ্রিস্টান নারী ও তাঁর মেয়েও ছিলেন।
আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।