মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১১:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫৬ পিএম

কিয়েভে দ্বিতীয় প্রধান সেতুতেও রুশ হামলা

আন্তর্জাতিক
Sub Editor
কিয়েভে দ্বিতীয় প্রধান সেতুতেও রুশ হামলা
শুক্রবারের হামলায় কিয়েভের পিভদেননি সেতুর তারে আঘাত হানে একটি রুশ ড্রোন। ছবি/ বিবিসি

ইউক্রেনের রাজধানী কিয়েভের দ্বিতীয় প্রধান সেতু পিভনিচনি (নর্দার্ন) ব্রিজে রুশ হামলায় দুজন আহত হয়েছেন। শনিবার সকালে চালানো হামলায় সেতুটির সড়কের অংশ ও ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো।

হামলার পর সেতুটির এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এর আগে চলতি সপ্তাহে রুশ ড্রোন হামলায় কিয়েভের পিভদেননি (সাদার্ন) ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়।

রাশিয়ার দাবি, দুই সেতুই ইউক্রেনীয় সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হয়। মস্কো বিদেশি নাগরিকদের, বিশেষ করে কূটনীতিকদের, কিয়েভ ছাড়ার আহ্বানও জানিয়েছে।

দ্নিপ্রো নদীর ওপর থাকা এই দুই সেতু কিয়েভের পশ্চিম ও পূর্ব অংশকে যুক্ত করেছে। ধারাবাহিক হামলায় সড়ক, রেল ও ট্রলিবাস যোগাযোগ ব্যাহত হওয়ায় শহরটি কার্যত দুই ভাগে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রুশ ড্রোন হামলায় সেতু পুরোপুরি ধসে পড়ার সম্ভাবনা কম। তবে বারবার হামলার কারণে সেতু বন্ধ রাখতে হতে পারে এবং দীর্ঘমেয়াদে কাঠামোগত দুর্বলতা তৈরি হতে পারে। শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হলে কিছু সেতু ধসে পড়ার আশঙ্কাও রয়েছে।

শুক্রবার পিভদেননি ব্রিজে হামলার পর কিয়েভে ব্যাপক যানজট তৈরি হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় বিকল্প হিসেবে ফেরি ও অস্থায়ী পন্টুন সেতু ব্যবহারের পরিকল্পনা নিয়েও ইউক্রেনীয় আইনপ্রণেতারা আলোচনা করেছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রাশিয়ার জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলার জবাব হিসেবেই ইউক্রেনের অর্থনৈতিক অবকাঠামোয় হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া সেতু, হাসপাতাল, স্কুল, ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে চাইছে। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।