মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেডিকেয়ারে অন্তর্ভুক্ত ২ কোটির বেশি প্রবীণ আমেরিকানকে এককালীন ৯০ ডলার করে দেবে মার্কিন সরকার। মাসিক স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের খরচ কিছুটা কমাতে এই অর্থ দেওয়া হবে।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, এই অর্থ দেওয়া হবে মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে। তার দাবি, মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ কর্মসূচির উন্নয়নে কংগ্রেস এই তহবিলে ২০০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে।
নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য রিপাবলিকান নেতার ধারাবাহিক আর্থিক প্রতিশ্রুতির সর্বশেষ ঘোষণা এটি। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই হবে।
বর্তমানে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার উচ্চ ব্যয় মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে তার জনসমর্থন কমেছে।
হোয়াইট হাউস তাদের ওয়েবসাইটে ট্রাম্পের পরিকল্পনার কিছু বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, যোগ্য অধিকাংশ প্রবীণ অক্টোবরের শুরুতেই সরাসরি ব্যাংক হিসাবে ৯০ ডলার পাবেন।
যাদের সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাওয়ার ব্যবস্থা নেই, তারা অক্টোবরের শুরুতেই মেডিকেয়ারে নিবন্ধিত ডাক ঠিকানায় চেক পাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
গত মাসে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলারের চেক দেওয়া হবে। তবে বিশ্লেষক, অর্থনীতিবিদ এবং কংগ্রেসের কয়েকজন রিপাবলিকানও ওই পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।
এদিকে ট্রাম্প প্রশাসন আলাদাভাবে প্রায় ১০ লাখ আমেরিকানকে ৫০০ ডলার করে দেওয়ার কাজও করছে। রাজনৈতিক কৌশলবিদদের মতে, এই অর্থ কিছু নির্বাচনী আসনের ফলাফলে প্রভাব ফেলতে পারে।
হোয়াইট হাউসের দাবি, এসব অর্থ ফেরত দেওয়া হচ্ছে তাদের, যারা ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় স্বাস্থ্যবিমা কিনেছিলেন এবং তাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়েছিল।