ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। চলতি বছরে ইউক্রেনে একক হামলায় এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে সিএনএন।
দোনেৎস্কের ক্রামাতোরস্ক শহরে এ হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলার পর দুটি বাসসহ আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।দোনেৎস্কের পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে অভিযান চলার সময় দ্বিতীয় দফায় ড্রোন হামলা চালানো হয়।

দোনেৎস্কের প্রাদেশিক সামরিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন অভিযোগ করেন, রাশিয়া পরিকল্পিতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করছে। তার ভাষ্য, যাত্রীবাহী বাসে হামলা চালালে একসঙ্গে অনেক মানুষের প্রাণহানি ঘটতে পারে।
হামলার পর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক শহরে গণপরিবহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দোনেৎস্ক অঞ্চলের বাসিন্দাদের তুলনামূলক নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত জুলাইয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩৩ জন নিহত হয়েছিলেন। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এবারের ঘটনাটি চলতি বছরে দেশটিতে একক হামলায় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।