নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলা করার দায়ে লিপি আক্তার (৩৯) নামে এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর নুরুল কবীর রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৮ সালে বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন একই গ্রামের বাসিন্দা লিপি আক্তার। মামলায় তিনি দাবি করেন, ধর্ষণের কারণে আট মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কামাল উদ্দিন দুই মাস কারাগারে ছিলেন।
পরবর্তী সময়ে লিপি আক্তার একটি সন্তানের জন্ম দেন। শিশুটির ডিএনএ পরীক্ষায় কামাল উদ্দিন তার বাবা নন বলে প্রমাণ পাওয়া যায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে ওই মামলা থেকে খালাস পান তিনি।
এরপর ধর্ষণের মিথ্যা মামলা করার অভিযোগে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মামলা করেন কামাল উদ্দিন। সেই মামলার বিচার শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।