ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্ট দেওয়ার জেরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ওই নেতার নাম রুবেল চৌধুরী। রবিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাংগঠনিক শাস্তিমূলক সিদ্ধান্তের কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই বহিষ্কারাদেশ কার্যকর করেছেন। যুবদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রুবেল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার এবং দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন। এই কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে গণ্য হয়েছে।
এ বিষয়ে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্যের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এহেন কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় রুবেল চৌধুরীর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।