মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৭ পিএম

আকামার মেয়াদ ফুরোলেও সৌদি ফিরতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী

সারাদেশ
নিজস্ব প্রতিবেদক
আকামার মেয়াদ ফুরোলেও সৌদি ফিরতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী

যুদ্ধাবস্থার কারণে ফ্লাইট বিপর্যয়ে পড়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারায় যেসব বাংলাদেশি প্রবাসীর আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে তারা যখনই সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন, তখনই তাদের এন্ট্রি প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। সোমবার রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। অভিবাসন ব্যয় কমানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, তিন লাখ টাকায় যেখানে বিদেশ যাওয়া সম্ভব, সেখানে সাত-আট লাখ টাকা নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করে বৈধ উপায়ে ব্যবসা পরিচালনার পাশাপাশি অভিবাসন খরচ তুলতে গিয়ে যেন কর্মীদের মূল্যবান সময় নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি।

জনসেবা সহজীকরণে গৃহীত পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের ভিসার বৈধতা যাচাই ও প্রক্রিয়া সহজ করতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আধুনিক প্রযুক্তি যুক্ত করার কাজ চলছে। সেই সঙ্গে প্রবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তির জন্য উন্মুক্ত ইমেইল সেবা চালু ও এর ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। গন্তব্য দেশের আইনকানুন মেনে চলার বিষয়ে সচেতনতা তৈরিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন মন্ত্রী।

সভায় বিশেষ অতিথি হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী মো. নুরুল হক আসন্ন রমজানে সৌদি আরবে কারাবন্দি বাংলাদেশিদের বিশেষ ক্ষমার আওতায় আনার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি আরবের নিজস্ব নাগরিকদের পর সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী কর্মী বাংলাদেশিরাই। দুই দেশের সুসম্পর্ক শ্রম খাতে ভবিষ্যতে আরও সহযোগিতা বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে তাকামুল পরীক্ষা পদ্ধতি সহজ করা, পরীক্ষার ফি হ্রাস করা, বিএমইটির জনশক্তি সংক্রান্ত জটিলতা নিরসন এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে অধিক কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।