মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১১:০৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:২২ এএম

নতুন প্রেমে মজেছেন আনা দে আরমাস, সঙ্গী কে?

বিনোদন
নিজস্ব প্রতিবেদক
নতুন প্রেমে মজেছেন আনা দে আরমাস, সঙ্গী কে?

হলিউড তারকা আনা দে আরমাস তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারিস সফরের কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন। সাদামাটা সেলফি, শরীরচর্চা কিংবা খাবারের ছবির ভিড়ে ভক্তদের নজর কেড়েছে একটি বিশেষ ছবি। সেখানে নৈশভোজের টেবিলে রাখা দুটি কার্ডে আনা ও বেতোর নাম পাশাপাশি দেখা গেছে। সরাসরি সম্পর্কের ঘোষণা না দিলেও ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী যেন পরোক্ষভাবে ভেনেজুয়েলার সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রোর সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টিই সামনে আনলেন। ছবিগুলোর মধ্যে রয়েছে সাদামাটা সাজে তোলা সেলফি, সাদা শার্ট ও চশমা পরা আয়নার সামনে দাঁড়িয়ে তোলা ছবি, শরীরচর্চার মুহূর্ত এবং বিভিন্ন খাবারের ছবি। তবে শেষ ছবিটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে।

জুলাই মাসে প্রথমবারের মতো আনা ও বেতোকে জনসমক্ষে দেখা গিয়েছিল। আগস্টে স্পেনের ফোরমেন্তেরা দ্বীপে অবকাশ যাপনের সময় তাঁদের হাত ধরে হাঁটতে ও চুম্বনরত অবস্থায় দেখা যায়। সূর্যাস্তের সময় নৌকায় অন্তরঙ্গ মুহূর্তের ছবিও তখন গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এরপর ৬ অক্টোবর প্যারিস ফ্যাশন উইকে লুই ভুইতোর ফ্যাশন শো ও পরবর্তী একটি জমকালো পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা গেছে।

বেতো মন্টেনেগ্রো মূলত রাওয়ায়ানা ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ও গিটারবাদক হিসেবে পরিচিত। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই ব্যান্ডটি লাতিন সংগীতজগতে বেশ জনপ্রিয়। বর্তমানে দলটি আন্তর্জাতিক কনসার্ট নিয়ে ব্যস্ত রয়েছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে তারা পরিবেশনা করেছে।

উল্লেখ্য, টম ক্রুজের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের প্রায় এক বছর পর নতুন এই আলোচনার সূত্রপাত হলো। ২০২৫ সালের অক্টোবরে বিভিন্ন সংবাদমাধ্যমে টম ক্রুজের সঙ্গে আনার বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে এসেছিল।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।