জাপান সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (২৮ অক্টোবর) জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অগ্রযাত্রায় জেবিআইসি-এর ধারাবাহিক সহযোগিতা ও বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য প্রধানমন্ত্রী গভর্নরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের কার্যকর পদক্ষেপ নিয়েছে। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও উন্নত ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জেবিআইসি-এর অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন এজেন্ডার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জেবিআইসি-এর একটি নিজস্ব কার্যালয় খোলার আনুষ্ঠানিক অনুরোধ জানান। জবাবে গভর্নর আমাকাওয়া কাজুহিকো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আশ্বাস দেন। জেবিআইসি-এর গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।