এইচএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করা সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। শতভাগ সাফল্য অর্জন করা প্রতিষ্ঠানগুলো হলো—বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ, কোয়ান্টাম কসমো কলেজ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং লিডার্স স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজে ১৩৪ জন, ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৪৪ জন, কোয়ান্টাম কসমো কলেজে ৬০ জন এবং কাফকো স্কুল অ্যান্ড কলেজে ১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এছাড়া রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ ও লিডার্স স্কুল অ্যান্ড কলেজের ৬ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে।
বোর্ডের সামগ্রিক ফলাফলে দেখা গেছে, গতবারের তুলনায় পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উভয়ই কমেছে। এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন। অথচ গত বছর পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৯৭ জন। এবছর পরীক্ষায় মোট ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ। এলাকাভিত্তিক ফলাফলে নগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ এবং জেলায় ৪৫ দশমিক ৫৯ শতাংশ। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান শাখায় পাসের হার সর্বোচ্চ ৭৪ দশমিক ৪২ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৪ দশমিক ১৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৩৬ শতাংশ।