দুই বছর আগে উন্নত জীবনের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাইফুদ্দিন সিকদার মহসিন। তবে তার এই বিদেশ যাত্রা শেষ পর্যন্ত ট্র্যাজেডিতে রূপ নিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আমিরাতের আল খুজামিয়া এলাকায় পিকআপে করে কর্মস্থলে যাওয়ার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। একটি লরির সাথে পিকআপের সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পান মহসিন।
দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে শারজাহর এমকিউএইচ আল কাসিমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহসিন উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সিকদার বাড়ির প্রয়াত আবদুল মোতালেব সিকদারের ছেলে। তিনি সেখানে অ্যালুমিনিয়ামের কারখানায় কাজ করতেন।
নিহতের বড় ভাই রেজাউল করিম সিকদার জানান, ঘটনার সময় কর্মস্থলে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে মহসিনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।