মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৩:৪৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০১:৪৩ পিএম

১ নভেম্বর সেন্টমার্টিন খুললেও শুরু হচ্ছে না জাহাজ চলাচল

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর সেন্টমার্টিন খুললেও শুরু হচ্ছে না জাহাজ চলাচল

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। তবে পর্যটন মৌসুম শুরুর নির্ধারিত এই দিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না। সংশ্লিষ্ট প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় জাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে এবং এ বিষয়ে আগামী ৪ নভেম্বর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে এবার টেকনাফ ঘাট থেকে কোনো পর্যটকবাহী জাহাজ পরিচালনা না করার সরকারি নির্দেশনা রয়েছে। পর্যটকদের কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট দিয়ে যাতায়াত করতে হবে। এই পরিস্থিতিতে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, প্রায় ১০টি জাহাজ পর্যটক পরিবহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এখনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও চূড়ান্ত সরকারি অনুমোদন না পাওয়ায় জাহাজ চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না। সঠিক সময়ে যাত্রা শুরু করতে না পারলে জাহাজ মালিকরা বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে তিনি আশঙ্কা করছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপের প্রায় সাড়ে ১০ হাজার মানুষের জীবন-জীবিকা পর্যটনশিল্পকে ঘিরেই আবর্তিত। পর্যটন মৌসুমকে সামনে রেখে স্থানীয় দুই শতাধিক হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু জাহাজ চলাচল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন। এছাড়া প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জেটির কাজ এখনো অসম্পূর্ণ থাকায় পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচলের জন্য জেটির পন্টুন ও প্ল্যাটফর্ম দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনী জাহান জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আগ্রহী জাহাজগুলোর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। একই প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী স্পষ্ট করেছেন যে, সরকারি নির্দেশনায় এবার টেকনাফ ঘাট দিয়ে জাহাজ চলাচলের সুযোগ নেই। তাই ১ নভেম্বরের পরিবর্তে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সভায় জাহাজ চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।