চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ থেকে পড়ে মো. রুবেল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়নী ভূঁইয়াপাড়ার আব্দুল মুজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি পাশের এলাকায় দৈনিক মজুরির ভিত্তিতে গাছ কাটার কাজ করতে গিয়েছিলেন। সেখানে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গিয়ে মাথায় ও কোমরে মারাত্মক আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় হাসিব হাসান বলেন, রুবেল পাশের এলাকায় দৈনিক মজুরিতে গাছ কাটতে গিয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভী জানান, সকাল ১১টার দিকে স্বজনরা রুবেলকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। এরপর মিরসরাই থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহটি নিয়ে যায়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, থানায় কোনো ধরনের অভিযোগ না থাকায় এবং পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।