মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:০৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২০ এএম

চালু হোক প্যারিস-ঢাকা ফ্লাইট: প্রবাসীদের

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
চালু হোক প্যারিস-ঢাকা ফ্লাইট: প্রবাসীদের

ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে প্যারিস-ঢাকা রুটে সরাসরি বিমান চলাচল শুরুর দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিসের ওবারভিলিয়ে এলাকায় অবস্থিত লিগ্যাল এইড হলরুমে সংগঠনের আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এই দাবি উত্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক আজাদ মিয়া এবং কার্যক্রম পরিচালনা করেন সদস্যসচিব আব্দুল মোমিত (রোমেল)। নয় সদস্যের আহ্বায়ক কমিটির আটজন সদস্য এই আলোচনায় অংশ নেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ফ্রান্সের প্যারিসের ওবারভিলিয়ে এলাকার ‘লিগ্যাল এইড’ হলরুমে সংগঠনটির আহ্বায়ক কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা হয়।

সরাসরি ফ্লাইট চালু করা হলে তা কেবল প্রবাসীদেরই নয়, বরং দুই দেশের মধ্যে নিয়মিত যাতায়াতকারী পর্যটক ও ব্যবসায়ীদের জন্যও অত্যন্ত সহায়ক হবে বলে সভায় বক্তারা অভিমত প্রকাশ করেন।

এতে ট্রানজিটের দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমে আসবে। সংগঠনের নেতারা প্যারিস-ঢাকা রুটের বাণিজ্যিক কার্যকারিতা, যাত্রী চাহিদা, পরিচালন ব্যয় ও রুটটির সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছেন। সংগৃহীত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে একটি সুসংহত প্রস্তাব বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে তাদের। যাত্রী চাহিদা অনুযায়ী সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে ফ্লাইট পরিচালনার বিষয়টিও সেই প্রস্তাবনায় গুরুত্ব দেওয়া হবে। এতে ভ্রমণের সময় কমবে, ট্রানজিটের ভোগান্তি এড়ানো যাবে এবং দুই দেশের মধ্যে যাতায়াত আরও সহজ হবে।

দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে প্যারিস-সিলেট সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও সভায় আলোচিত হয়েছে। এ ধরনের বড় উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করবে সংগঠনটি। এ ছাড়া আন্তর্জাতিকভাবে নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ১৯০১ সালের ফরাসি সমিতি আইনের অধীনে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গঠনতন্ত্র প্রণয়ন ও ডিজিটাল যোগাযোগব্যবস্থা চালুর কাজও চলছে। আগামী ২১ নভেম্বর বিশেষ সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাজ্য, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে শাখা খোলার পরিকল্পনাও রয়েছে পরিষদের। তবে প্যারিস-ঢাকা ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি। তাই প্রাথমিকভাবে রুটটির বাণিজ্যিক সম্ভাব্যতা ও যাত্রী চাহিদার তথ্য নিশ্চিত করার ওপরই সর্বোচ্চ জোর দিচ্ছে সংগঠনটি। প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট এই দাবি বাস্তবায়নে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।