মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:০৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:২০ এএম

মিরসরাইয়ে মহাসড়কের একই স্থানে দিনে দুই বৃদ্ধ-বৃদ্ধার মৃত্যু

সারাদেশ
নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে মহাসড়কের একই স্থানে দিনে দুই বৃদ্ধ-বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকায় শনিবার (৭ নভেম্বর) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। নিহতরা হলেন মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়াটোলা গ্রামের ৭৮ বছর বয়সী আবুল কালাম এবং মধ্যম ওয়াহেদপুরের ৭৫ বছর বয়সী রিজিয়া বেগম। আবুল কালাম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিনঘরিয়াটোলা গ্রামের কালা মিয়া সারেং বাড়ির মৃত আবদুল হকের ছেলে।

নিহত আবুল কালামের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

একই এলাকায় বিকেলে অন্য আরেকটি দুর্ঘটনার শিকার হন রিজিয়া বেগম। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুমিরা হাইওয়ে পুলিশের এসআই জিয়া উদ্দিন জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে সকালে একই স্থানে আবুল কালামের মৃত্যুর বিষয়টিও পুলিশ নিশ্চিত করেছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।