মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:০৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪০ এএম

বড় ধরনের আর্থিক সংকটে চীনের তিন শীর্ষ এয়ারলাইনস

আন্তর্জাতিক
নিজস্ব প্রতিবেদক
বড় ধরনের আর্থিক সংকটে চীনের তিন শীর্ষ এয়ারলাইনস

চীনের এভিয়েশন খাতের তিন জায়ান্ট—এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইনস ও চায়না সাউদার্ন এয়ারলাইনস বর্তমানে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে। সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালকে চীনের উড়োজাহাজ পরিবহন খাতের সবচেয়ে লাভজনক মৌসুম ধরা হয়। গ্রীষ্মকালীন ছুটি ও পর্যটন চাহিদাকে ঘিরে এই সময়ে ব্যবসা ভালো হওয়ার কথা থাকলেও, চলতি বছর চিত্রটি ছিল সম্পূর্ণ বিপরীত। বৈরী আবহাওয়া, টিকিটের দাম কমে যাওয়া এবং অস্বাভাবিক জ্বালানি ব্যয় কোম্পানিগুলোর আয়ে বড় ধরনের ধস নামিয়েছে। বছরের প্রথম নয় মাসেও সংস্থাগুলো আশানুরূপ ফলাফল করতে পারেনি।

পরিসংখ্যান বলছে, এয়ার চায়নার নিট মুনাফা জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৯২ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়ে ২৭ কোটি ৬ লাখ ইউয়ানে নেমেছে। একই সময়ে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের মুনাফা ৯৮ দশমিক ২ শতাংশ কমে মাত্র ৬ কোটি ৪০ লাখ ইউয়ানে দাঁড়িয়েছে। সবচেয়ে নাজুক অবস্থা দেখা গেছে চায়না সাউদার্ন এয়ারলাইনসের ক্ষেত্রে। গত বছরের একই প্রান্তিকে কোম্পানিটি ৩৮৪ কোটি ইউয়ান মুনাফা করলেও, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের ৬০ কোটি ৯০ লাখ ইউয়ান লোকসান গুনতে হয়েছে।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, করোনা মহামারি পরবর্তী সময় থেকেই এয়ার চায়না ও চায়না ইস্টার্ন এয়ারলাইনস ধারাবাহিক লোকসানের মধ্যে রয়েছে। চায়না সাউদার্ন এয়ারলাইনস ২০১৯ সালের পর প্রথমবারের মতো গত বছর মুনাফায় ফিরতে পারলেও, চলতি বছর আবারও তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতির জন্য মূলত আকাশচুম্বী পরিচালন ব্যয়কে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর আন্তর্জাতিক বাজারে উড়োজাহাজের জ্বালানি তেলের দাম দ্বিগুণ বেড়ে গেছে।

বিশ্লেষকদের মতে, অনেক আন্তর্জাতিক এয়ারলাইনস জ্বালানির দর পরিবর্তনের ঝুঁকি এড়াতে হেজিং কৌশল অবলম্বন করলেও চীনা সংস্থাগুলো এক্ষেত্রে কিছুটা পিছিয়ে। এর ফলে জ্বালানির দাম বাড়লে তাদের ওপর আর্থিক চাপ তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পায়। আগামী দিনগুলোতেও এই সংকট কাটানোর সম্ভাবনা কম। পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের বাকি সময়েও সংস্থাগুলো বড় ধরনের আর্থিক চাপের মধ্যে থাকতে পারে, যা তাদের ব্যবসায়িক ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।