মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:০৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম

নিউজিল্যান্ড নির্বাচন: কোনো দলেই সংখ্যাগরিষ্ঠতা নেই, অনিশ্চিত সরকার গঠন

আন্তর্জাতিক
নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ড নির্বাচন: কোনো দলেই সংখ্যাগরিষ্ঠতা নেই, অনিশ্চিত সরকার গঠন

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সফল হয়নি। গত শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনের পর দেশটির প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এখন জোট সরকার গঠনের লক্ষ্যে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। এখন পর্যন্ত ৯৯ শতাংশেরও বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ফলাফলের ব্যবধান বেশ কাছাকাছি রয়েছে। নিউজিল্যান্ডে ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষ হয়েছে।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের নেতৃত্বাধীন মধ্যডানপন্থী ন্যাশনাল পার্টি সর্বোচ্চ ৪২টি আসন পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১৯টি আসন পিছিয়ে আছে। ন্যাশনাল পার্টি যদি অ্যাক্ট পার্টি (১৩ আসন) ও নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির (১২ আসন) সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারে, তবেই তারা বামঘেঁষা জোটের চেয়ে এগিয়ে থেকে সরকার গঠন করতে পারবে।

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ক্রিস হিপকিন্সের লেবার পার্টি পেয়েছে ৩৬টি আসন। হিপকিন্স এখনো পরাজয় স্বীকার করেননি। তিনি জানিয়েছেন, পরবর্তী সরকার কেমন হবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়, বিষয়টি পরিষ্কার হতে আরও সময় লাগবে। হিপকিন্সের মতে, নির্বাচনী ফলাফল স্পষ্ট করছে যে পরবর্তী পার্লামেন্টে সব পক্ষকেই ছাড় দিয়ে অভিন্ন অবস্থানে পৌঁছানোর চেষ্টা করতে হবে। তবে সেই রায়ের অর্থ বুঝতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় ছিল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বেকারত্ব। চূড়ান্ত ফলাফলে অন্যান্য দলের মধ্যে গ্রিন পার্টি ১৬টি, অপারচুনিটি পার্টি ৭টি এবং মাওরিদের প্রতিনিধিত্বকারী তে পাতি মাওরি পার্টি ৫টি আসন পেয়েছে। আগামী ২৭ নভেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন তার প্রতিপক্ষ হিপকিন্সকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে। লাক্সনের মতে, চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই অর্থবহ রাজনৈতিক আলোচনা শুরু করা সম্ভব হবে। দলীয় সহকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘চূড়ান্ত ফলাফল যা-ই হোক না কেন, আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।’।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।