মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:১৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ জানুয়ারি, ২০২৬, ০৭:৪০ পিএম

অস্বাভাবিক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
Sub Editor
অস্বাভাবিক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ভিসা নেওয়ার জন্য যেসব দেশের নাগরিকদের ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হবে, সেই তালিকায় বাংলাদেশও রয়েছে। বাংলাদেশসহ নতুন কয়েকটি দেশের নাম যুক্ত হয়েছে এই তালিকায়, যা মঙ্গলবার হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বিস্তারিত জানতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “অবশ্যই এটি আমাদের জন্য দুঃখজনক এবং কষ্টকর, তবে এটি অস্বাভাবিক নয়। এই সিদ্ধান্ত কেবল বাংলাদেশের জন্য নয়, অনেক দেশই এই শর্তের আওতায় এসেছে।”

তিনি ব্যাখ্যা করেন, “যেসব দেশের নাগরিকরা মার্কিন সমাজ ও সরকারি সুবিধা ব্যবহার করে সেখানে প্রবেশের পর অতিরিক্ত সুবিধা নেয়ার প্রবণতা দেখিয়েছে, তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তাই এই তালিকায় আমাদের নাম থাকা স্বাভাবিক।”

রয়টার্সের খবরে বলা হয়েছে, সর্বশেষ হালনাগাদ অনুসারে মোট ৩৮টি দেশের নাগরিক এই ভিসা বন্ড শর্তের আওতায় এসেছেন। বাংলাদেশিদের ক্ষেত্রে জামানতের নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এই বন্ডের শর্ত অনুযায়ী, বি১/বি২ ভিসার আবেদনকারীদের ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার জমা দিতে হবে। সর্বোচ্চ বন্ডের ক্ষেত্রে বর্তমান বিনিময় হারে প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা হতে পারে। জমা দেওয়া অর্থ ফেরতযোগ্য; যদি ভিসা না মঞ্জুর হয় বা নির্ধারিত শর্ত পূরণ করা হয়, তবে আবেদনকারী অর্থ ফেরত পাবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, বন্ড জমা দিলেই ভিসা নিশ্চিত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত দেয় কনস্যুলার কর্মকর্তা, এবং এই শর্ত মূলত নিশ্চিত করে যে, ভিসাধারীরা নির্ধারিত মেয়াদের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন না।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।