মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১০:১৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ জানুয়ারি, ২০২৬, ০২:১০ এএম

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্য পাঠাবে ইইউ

জাতীয়
Sub Editor
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্য পাঠাবে ইইউ


বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ড. ইভারস আইজাবস জানান, ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল ডিসেম্বরের শেষ দিক থেকেই বাংলাদেশে কাজ শুরু করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরাও তাদের সঙ্গে যোগ দেবেন। সব মিলিয়ে নির্বাচনের সময় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ প্রায় ২০০ জন পর্যবেক্ষক মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

সংসদ নির্বাচনের পাশাপাশি একই সময়ে গণভোট আয়োজনকে নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন ইইউর প্রধান পর্যবেক্ষক। তিনি বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে—দুটি গুরুত্বপূর্ণ কার্যক্রম একসঙ্গে পরিচালনা করতে হবে, যা নিঃসন্দেহে জটিল। তবে কমিশন বিষয়টি দক্ষতার সঙ্গে সামাল দিতে পারবে বলে ইইউ আশাবাদী।

তিনি আরও বলেন, ইইউ এ প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখতে বাংলাদেশে এসেছে এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে পুরো নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করবে। বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

ড. ইভারস আইজাবস বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে এবারের জাতীয় নির্বাচন একটি ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।