মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:২৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ জানুয়ারি, ২০২৬, ১২:৩৪ পিএম

তীব্র শীতে কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত, বাড়ছে দুর্ভোগ

সারাদেশ
Sub Editor
তীব্র শীতে কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত, বাড়ছে দুর্ভোগ

 

কুড়িগ্রামে টানা কয়েক দিনের তীব্র শীত ও ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। শীতল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত কাঁপুনিতে বিপর্যস্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও দরিদ্র জনগোষ্ঠী।

গত কয়েক দিন ধরে মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। ফলে কাজকর্মে ব্যাঘাত ঘটছে এবং চরাঞ্চলের মানুষের দুর্দশা আরও বেড়েছে। রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রিকশাচালক রুবেল মিয়া জানান, প্রচণ্ড শীতের কারণে সকালে কাজে বের হতে পারেননি। এতে আয় বন্ধ হয়ে সংসারে চরম টানাপোড়েন চলছে।

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাবু মিয়া বলেন, বিল ও নদীতে মাছ ধরে তার সংসার চলে। কিন্তু শীতের কারণে কয়েক দিন ধরে স্বাভাবিকভাবে মাছ ধরতে পারছেন না, ফলে সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। যাত্রাপুর ইউনিয়নের কালির আলগার চরের বাসিন্দা মিন্টু মিয়া জানান, ঠান্ডার কারণে ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে, কাজকর্ম ব্যাহত হচ্ছে।

একই এলাকার রহমত বলেন, কাজ না করলে খাবার জোটে না। আবার কাজে গেলেও ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে, রাতে ঘুমও ঠিকমতো হয় না।

শীতের প্রভাব পড়ছে স্বাস্থ্যের ওপরও। কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা খায়রুল ইসলাম জানান, অতিরিক্ত ঠান্ডায় তার সন্তানের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং সব উপজেলায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা জানিয়েছে, শীত মোকাবিলায় জেলার নয়টি উপজেলায় ২৫ হাজার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।