মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১০:১৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ জানুয়ারি, ২০২৬, ০৪:০৯ পিএম

কুমিল্লায় নেশার টাকা চাওয়া নিয়ে স্ত্রীকে হত্যা

সারাদেশ
Sub Editor
কুমিল্লায় নেশার টাকা চাওয়া নিয়ে স্ত্রীকে হত্যা


কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেছে।

ঘটনাটি ঘটে উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার জজু সর্দারের বাড়িতে। নিহত গৃহবধূ লিজা আক্তার (৩৪) ওই এলাকার মৃত তাজুল ইসলামের মেয়ে। তিনি বাউল শিল্পী ইমন সরকারের বোন। অভিযুক্ত স্বামী দুলাল মিয়া (৩৭) পেশায় রাজমিস্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, বুধবার গভীর রাতে দুলাল মিয়া তার স্ত্রীর কাছে নেশার জন্য টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্তানদের সামনেই তিনি লিজার ওপর ভয়াবহ শারীরিক নির্যাতন চালান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

নিহতের মা খুকি বেগম বাদী হয়ে বুড়িচং থানায় স্বামী দুলাল মিয়া ও শ্বশুরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।