মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১০:১৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৬, ০৭:১৬ পিএম

বগুড়ায় জাতীয় পার্টি কার্যালয় দখল, ‘জুলাই যোদ্ধাদের’ ব্যানারে উত্তাপ

রাজনীতি
Sub Editor
বগুড়ায় জাতীয় পার্টি কার্যালয় দখল, ‘জুলাই যোদ্ধাদের’ ব্যানারে উত্তাপ

বগুড়া জেলা জাতীয় পার্টির কার্যালয়ের দখল নিয়ে সেখানে ব্যানার ঝুলিয়েছেন নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া একদল মানুষ। এ সময় তারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন এবং দলটিকে আওয়ামী লীগের সহযোগী শক্তি বলে আখ্যা দেন।

শনিবার বেলা ১১টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত জাতীয় পার্টির জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা প্রথমে কার্যালয়ের সামনে থাকা বেগম খালেদা জিয়ার শোকসংবলিত একটি ব্যানার খুলে ফেলেন। পরে তারা কার্যালয়ের ভেতরে ও বাইরে দুটি নতুন ব্যানার ঝুলিয়ে দেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে এসব ব্যানার টাঙানো হয়েছে বলে বিক্ষোভকারীরা দাবি করেছেন।

কার্যালয়ের ভেতরে টাঙানো একটি ব্যানারে লেখা ছিল—‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন’। একই ব্যানারে আরও লেখা ছিল, ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে’।

কার্যালয়ের বাইরে টাঙানো ব্যানারে ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ছবি সংযুক্ত করে লেখা হয়—‘গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি’।

বিক্ষোভ চলাকালে নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে বক্তব্য দেন নুর মোহাম্মদ জুবায়ের। তিনি বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। যদিও দলটি এখনো নিষিদ্ধ হয়নি, তারপরও এই দল বাংলাদেশের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখে না।”

এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপির জেলা সংগঠক আহাম্মেদ সাব্বিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। একইভাবে বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে তার সাড়া পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।