মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৪৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৬, ০৭:৩৮ পিএম

ইরানে বিক্ষোভ-অস্থিরতা: নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত

আন্তর্জাতিক
Sub Editor
ইরানে বিক্ষোভ-অস্থিরতা: নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত

ইরানের বিভিন্ন অঞ্চলে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ১০৯ জন সদস্য নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের তথ্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করে। তবে নিহত বিক্ষোভকারীদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার এলাকা থেকে শুরু হওয়া প্রতিবাদ দ্রুত দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনের রূপ নেয়। তেহরানসহ একাধিক শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্লেষকদের মতে, ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটই এই আন্দোলনের মূল কারণ। তবে সরকারিভাবে এখনো হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ১১৬ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৬০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরানের এক চিকিৎসক জানান, রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নিহতদের বড় অংশই সরাসরি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।