মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:১৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৬, ০৭:৪২ পিএম

জামায়াত আমিরের সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদের বৈঠক

রাজনীতি
Sub Editor
জামায়াত আমিরের সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদের বৈঠক


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নাহিদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক পেজে সাক্ষাতের তথ্য জানিয়ে কয়েকটি ছবি প্রকাশ করেন। একই সঙ্গে এনসিপির পক্ষ থেকেও এক বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।

বর্তমানে এনসিপি জামায়াতের নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, এই জোটের আওতায় এনসিপি প্রায় ৩০টি আসনে ছাড় পেতে পারে। এ অবস্থায় জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এনসিপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে কোনো নির্দিষ্ট আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি। বরং সার্বিক রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনের পরিবেশ, প্রশাসনের ভূমিকা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে মতবিনিময় হয়েছে।

সূত্রটি আরও জানায়, আসন সমঝোতা সংক্রান্ত আলোচনায় জামায়াতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, রোববার অথবা সোমবারের মধ্যে জামায়াত জোটের আসন বণ্টন বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

রাজনৈতিক সূত্রগুলোর দাবি, জামায়াতে ইসলামী প্রায় ১৯০টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো শরিক দলগুলোর মধ্যে বণ্টনের পরিকল্পনা করছে। সম্ভাব্য বণ্টনের তালিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ একাধিক দলের নাম উঠে এলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।