অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আবারও নতুন ধারার রাজনৈতিক শক্তি গঠনের উদ্যোগে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। একসময় যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনীতির বিষয়ে আশাবাদী ছিলেন, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন করে পথ খোঁজার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
গত শনিবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এ বিষয়ে নিজের ভাবনার কথা জানান। পোস্টে তিনি লেখেন, নতুনভাবে কাজ শুরুর কথা জানানোর পর গত দুই সপ্তাহে তিনি কয়েকশ ছাত্র ও নাগরিকের সঙ্গে কথা বলেছেন। এদের সবাই একসময় নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প শক্তি নিয়ে আশাবাদী ছিলেন।
আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে মাহফুজ আলম বলেন, যাদের সঙ্গেই কথা হয়েছে, তাদের মধ্যে হতাশা ও আস্থার সংকট স্পষ্ট। দীর্ঘ কথোপকথনের পর সবাই একমত হয়েছেন—আরেকবার চেষ্টা করে দেখার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, যারা বৈষম্যহীন সমাজব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন ধরনের আর্থ-রাজনৈতিক কাঠামোয় বিশ্বাস করেন, প্রচলিত দ্বিদলীয় বা জোটনির্ভর রাজনীতিতে আগ্রহী নন এবং আদর্শভিত্তিক, নীতিনির্ভর রাজনীতি প্রত্যাশা করেন—তাদের সঙ্গে তিনি যোগাযোগ করতে আগ্রহী।
মাহফুজ আলম উল্লেখ করেন, আগ্রহীদের ক্ষোভ, হতাশা ও অপূর্ণতার কথা যেমন শোনা হবে, তেমনি তাদের পক্ষ থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সীমাবদ্ধতা এবং ঘাটতিগুলো নিয়েও খোলামেলা আলোচনা করতে চান তারা। গত দেড় বছরের অভিজ্ঞতা পর্যালোচনা করে কীভাবে নতুনভাবে শুরু করা যায়, সে সম্ভাবনা নিয়েই মূলত এই উদ্যোগ।
যোগাযোগের জন্য ফেসবুক পোস্টে একটি ই-মেইল ঠিকানাও যুক্ত করেন তিনি। পোস্টের শেষাংশে ইংরেজিতে মাহফুজ আলম লেখেন, “We need fresh blood. We need new people with higher ideals and long-term commitment।” পোস্টটি তিনি ‘Justice for শহীদ ওসমান হাদি’ হ্যাশট্যাগ দিয়ে শেষ করেন।