মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:২১ এএম  ||  প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৬, ১১:৫০ পিএম

ইসলামপন্থি জোটে আসন বণ্টন সংকট, ভাঙনের শঙ্কা

রাজনীতি
Sub Editor
ইসলামপন্থি জোটে আসন বণ্টন সংকট, ভাঙনের শঙ্কা

ইসলামপন্থিদের ভোট একত্রিত করার লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোটে এখনো আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রত্যাশিত আসনে ছাড় না মিললে এবং জোটের মূলনীতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে জোট ছাড়ার ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু জানিয়েছেন, সমঝোতা না হলে তাদের পক্ষে জোটে থাকা কঠিন হতে পারে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলেছেন, সমাধান না হলে তারা বিকল্প রাজনৈতিক পথে যেতে প্রস্তুত।

তবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই সব জটিলতার নিষ্পত্তি হবে এবং বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

পিআর পদ্ধতিতে নির্বাচন ও সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে প্রথমে আটটি ধর্মভিত্তিক দল নিয়ে এই জোটের সূচনা হয়। নির্বাচনের সময় ঘনিয়ে আসার পর সেটিকে আনুষ্ঠানিক নির্বাচনি জোটে রূপ দেওয়ার আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় এনসিপি, এলডিপি ও এবি পার্টি জোটে যোগ দেয়।

কিন্তু জোট সম্প্রসারণের পর থেকেই আসন বণ্টন নিয়ে মতবিরোধ প্রকাশ্যে আসে। ইতোমধ্যে জামায়াতে ইসলামী ২৭৬টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কমপক্ষে ১৫০ আসন দাবি করলেও প্রস্তাবিত আসন সংখ্যা নিয়ে তারা সন্তুষ্ট নয়।

অন্য দলগুলোর মধ্যেও অসন্তোষ রয়েছে। কেউ বেশি আসন দাবি করলেও শেষ পর্যন্ত অনেক কম আসনে সমঝোতায় যেতে হয়েছে বলে জানা গেছে। নতুন যোগ দেওয়া দলগুলোর ক্ষেত্রেও প্রাথমিক আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু বলেন, এখনো ১১ দলের আনুষ্ঠানিক বৈঠক হয়নি এবং জোটের নাম, লক্ষ্য ও ঘোষণাপত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দৃশ্যমান হয়নি। তিনি জানান, আসন বণ্টনের নীতিমালা আগে চূড়ান্ত না হলে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক আশা করছেন, খুব শিগগিরই সব দল একমতে পৌঁছাবে এবং জোট অটুট থাকবে।

সব মিলিয়ে আসন ভাগাভাগি নিয়ে টানাপড়েন চললেও জামায়াত নেতৃত্ব আশাবাদী, দুয়েক দিনের মধ্যেই সংকট কাটিয়ে জোটের ভবিষ্যৎ স্পষ্ট হবে।

 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।