মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:২১ এএম

১৬টি স্যাটেলাইট হারাল ভারত, পিএসএলভি উৎক্ষেপণে বড় ধাক্কা

আন্তর্জাতিক
Sub Editor
১৬টি স্যাটেলাইট হারাল ভারত, পিএসএলভি উৎক্ষেপণে বড় ধাক্কা
ছবি বিবিসি


মহাকাশ অভিযানে নতুন করে ধাক্কা খেল ভারত। সোমবার (১২ জানুয়ারি) ১৬টি উপগ্রহ বহনকারী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-সি৬২ উৎক্ষেপণের পর অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, রকেটের তৃতীয় ধাপে একটি বিচ্যুতি ধরা পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন জানান, উৎক্ষেপণের পর প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করা হচ্ছে এবং দ্রুত বিস্তারিত জানানো হবে। তবে তিনি মিশনটির সাফল্য বা ব্যর্থতা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

পিএসএলভির ৬৪তম মিশন হিসেবে পরিচিত পিএসএলভি-সি৬২ সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, উৎক্ষেপণের পর প্রাথমিক কয়েক মিনিট রকেটের কার্যক্রম স্বাভাবিক ছিল। চার ধাপের এই লঞ্চ ভেহিকলের প্রথম ও দ্বিতীয় ধাপ নির্ধারিতভাবে কাজ করে। তবে তৃতীয় ধাপে প্রবেশের পর রকেটের গতিপথে অস্বাভাবিক বিচ্যুতি লক্ষ্য করা যায়।

মহাকাশ বিশেষজ্ঞদের মতে, পিএসএলভির তৃতীয় ধাপে সমস্যা দেখা দিলে পুরো মিশনই ব্যর্থ হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এই মিশনটিকে পিএসএলভির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কারণ, ২০২৫ সালে পিএসএলভির মাধ্যমে চালানো একমাত্র উৎক্ষেপণও ব্যর্থ হয়েছিল, যেখানে একইভাবে তৃতীয় ধাপে ত্রুটি দেখা দিয়েছিল।

পিএসএলভি-সি৬২ মিশনে মোট ১৬টি উপগ্রহ পাঠানোর পরিকল্পনা ছিল। এর মধ্যে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট ইওএস-এন১ এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) উন্নত গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’ উল্লেখযোগ্য। এখন মিশনের চূড়ান্ত ফলাফল জানতে ইসরোর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।