মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:৪৫ এএম

ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের কান ধরে টান দেবো: জামায়াত আমির

রাজনীতি
Sub Editor
ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের কান ধরে টান দেবো: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়া হবে। তার ভাষায়, দুর্নীতির শুধু লেজ নয়, মূল জায়গা ধরেই টান দেওয়া হবে। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ রেখে যেতে চায় জামায়াত, আর এ লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘২৪-এর অভ্যুত্থান’ কোনো একক ব্যক্তির পরিকল্পনায় হয়নি; বরং এ দেশের স্বাধীনতাকামী সাধারণ জনগণই ছিল এর মূল চালিকাশক্তি। তিনি দাবি করেন, ওই সময় সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর সাহসী ও দায়িত্বশীল ভূমিকা জাতিকে সঠিক পথ দেখাবে। জামায়াত চায়, সেনাবাহিনী দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হোক এবং দেশ-বিদেশে তাদের কর্মকাণ্ড প্রশংসিত হোক।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, প্রতিটি ভোটার যদি নির্বিঘ্নে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলেই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। এখনো পুরোপুরি অনুকূল পরিবেশ তৈরি না হলেও নির্বাচন কমিশন ও সরকারের ওপর আস্থা রাখতে চান বলে জানান তিনি।

তিনি বলেন, অতীতের মতো আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশবাসী দেখতে চায় না এবং তা মেনেও নেওয়া হবে না। জনগণ সচেতন থাকলে কেউ ভোট কারচুপির সাহস পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

শেষে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর জয় নয়, দেশের ১৮ কোটি মানুষের কল্যাণ ও বিজয়ই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।