মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪৯ এএম

রাতভর আগুনে পুড়ল মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ড

জাতীয়
Sub Editor
রাতভর আগুনে পুড়ল মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ড


কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লার অংশ অক্ষত রয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে থাকা স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হয়। প্রথমে মহেশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আশপাশের উপজেলা থেকে আরও ইউনিট যুক্ত হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। সর্বশেষ তথ্যে জানা গেছে, আগুনের মূল তীব্রতা কমে এলেও তা পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। কিছু অংশে বারবার আগুন জ্বলে ওঠায় দীর্ঘ সময় ধরে অভিযান চালাতে হচ্ছে।

রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং এতে বিদ্যুৎ কেন্দ্রের মূল স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে রাত ১টার দিকে মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন কাদের জানান, চারটি ইউনিট একযোগে কাজ করলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। একদিকে আগুন নেভানো হলেও অন্য পাশে তা পুনরায় ছড়িয়ে পড়ছে বলে তিনি জানান।

ভোর ৫টার পরিস্থিতি সম্পর্কে সালাহ উদ্দিন কাদের ও চকরিয়া ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর দিদারুল হক বলেন, আগুনের তীব্রতা অনেকটা কমেছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চালানো হচ্ছে। এটি শেষ হলে নির্বাপণের চূড়ান্ত ধাপে যাওয়া হবে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, স্ক্র্যাপ ইয়ার্ডটি কেন্দ্রের সীমানা প্রাচীরের ভেতরে পুকুর সদৃশ একটি স্থাপনায় তৈরি করা হয়েছিল। এখানে বিভিন্ন অব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রী সংরক্ষণ করা হতো। স্ক্র্যাপ ইয়ার্ডটি মূল বয়লার এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।