ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সরকারবিরোধী আন্দোলন টানা তৃতীয় সপ্তাহে গড়ানোর মধ্যেই এ ঘোষণা এলো। ট্রাম্প সোশাল মিডিয়ায় বলেন, “ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে বাণিজ্য করে—এমন যে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই আদেশ চূড়ান্ত।”
ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। তবে এই শুল্কে কোন কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে—সে বিষয়ে হোয়াইট হাউস এখনো নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।
এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের পথে যেতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, বিমান হামলাসহ সব ধরনের সামরিক বিকল্প এখনো বিবেচনায় রয়েছে।
ইরানের মুদ্রা রিয়ালের দ্রুত অবমূল্যায়ের প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে তা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসন অবসানের দাবিতে রূপ নেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এসব বিক্ষোভে প্রায় ৫০০ আন্দোলনকারী ও ৪৮ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। যদিও বিভিন্ন সূত্র বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ ও যাচাই কঠিন হয়ে পড়েছে। ফলে বিবিসিসহ অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যম দেশটির ভেতর থেকে সরাসরি প্রতিবেদন করতে পারছে না।
ট্রাম্প আরও দাবি করেছেন, রোববার ইরানি কর্মকর্তারা আলোচনার জন্য তাকে ফোন করেছিলেন। তিনি বলেন, “বৈঠকের আগেই আমাদের পদক্ষেপ নিতে হতে পারে।”
ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে বড় ধরনের চাপে ফেলেছে। এর সঙ্গে সরকারি দুর্নীতি ও অব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। গত এক বছরে রিয়ালের মান রেকর্ড পরিমাণে কমেছে, মুদ্রাস্ফীতি ছাড়িয়েছে ৪০ শতাংশ। এর ফলে রান্নার তেল ও মাংসসহ নিত্যপণ্যের দাম হঠাৎ করেই বেড়ে গেছে, যা সাধারণ মানুষের অসন্তোষ আরও বাড়িয়ে তুলেছে।