মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৬:২৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:২০ এএম

বিশ্বকাপ নিয়ে সংকট: আইসিসির অনুরোধেও নড়েনি বিসিবি

খেলা
Sub Editor
বিশ্বকাপ নিয়ে সংকট: আইসিসির অনুরোধেও নড়েনি বিসিবি


আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার কথা আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সম্প্রতি এক সভায় আইসিসি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও নিজেদের অবস্থানে অটল থাকার কথা স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির নিজস্ব নিরাপত্তা প্রতিবেদনের তথ্যই প্রমাণ করে যে ভারতে বাংলাদেশের জন্য ঝুঁকি রয়েছে। তার ভাষায়, পরিস্থিতি এমন যে, বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

গতকাল বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকেও কোনো সমাধান আসেনি। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে বিসিবি জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণেই ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।

বিসিবির বিবৃতিতে আরও বলা হয়, আইসিসি জানিয়েছে টুর্নামেন্টের সূচি আগেই প্রকাশিত হওয়ায় এমন পরিবর্তন কঠিন। তবে দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার ব্যাপারে একমত হয়েছে। বিসিবি জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ বিষয়ে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়া হবে।

অধ্যাপক আসিফ নজরুল এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু ভারতে খেলাটা আমাদের কাছে বাস্তব অর্থেই ঝুঁকিপূর্ণ। মোস্তাফিজ ইস্যুতে উগ্র সাম্প্রদায়িক শক্তির চাপ, বাংলাদেশবিরোধী প্রচারণা এবং আইসিসির নিরাপত্তা মূল্যায়ন রিপোর্ট আমাদের গভীরভাবে ভাবাচ্ছে। এই অবস্থায় ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।’

তার মতে, বৈশ্বিক সংস্থা হিসেবে আইসিসির উচিত পুরো বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা। তা না হলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নাও নিতে পারে—এ কথাও স্পষ্ট করে জানান তিনি।

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘বিশ্বকাপে না খেললে তা সাময়িকভাবে ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু ভারতে গিয়ে খেললে পুরো দেশের জন্য বড় ঝুঁকি তৈরি হতে পারে। দেশের মর্যাদা ও নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। একজন খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ দর্শক—সবার নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।