মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বুধবার হাসপাতালটির ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু এই তথ্য জানান।
মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন হাসপাতালের পরিচালক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম মন্ডল, অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীর হিমু, সহযোগী অধ্যাপক সুদীপ্ত কুমার মুখার্জি, সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন চৌধুরী।
ডা. হিমু জানান, বোর্ডে নিউরোসার্জারি, নিউরোলজি, আইসিইউ ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা অংশগ্রহণ করছেন। তারা শিশুর বর্তমান অবস্থা, গুলির আঘাতে সৃষ্ট নিউরোসার্জিক্যাল জটিলতা এবং সম্ভাব্য চিকিৎসার ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, হুজাইফার মস্তিষ্কে অতিরিক্ত চাপ তৈরি হলে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার খুলির একটি অংশ খোলা হয়েছে। বর্তমানে শিশুটি আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে এবং প্রতিটি চিকিৎসা সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের বৈঠক চলমান থাকায় পরবর্তী চিকিৎসা পদক্ষেপ বোর্ড মিটিং শেষে নেওয়া হবে।