বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে আপত্তিকর মন্তব্যের কারণে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নাজমুলের ব্যাখ্যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে বিসিবি ক্রিকেটারদের সহায়তা চেয়ে জানিয়েছে, বিপিএলের চূড়ান্ত পর্ব নির্বিঘ্নে শেষ করতে তারা পাশে থাকুন।
এর আগে, বুধবার বিকেলে নাজমুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “তারা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে এত কোটি টাকা খরচ করে আমরা কি ওদের কাছ থেকে টাকা ফেরত চাইব না।” এছাড়া কয়েকদিন আগে তিনি তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে আপত্তিকর মন্তব্য করেন।
একের পর এক বিতর্কিত মন্তব্যের কারণে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বৃহস্পতিবার দুপুরে বিপিএলের প্রথম ম্যাচের আগে নাজমুল ইসলামের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন। তিনি বলেন, “উনি যদি পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করব।”
বিসিবি বুধবার রাতেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বোর্ড জানিয়েছে, কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্যের দায় তারা বহন করবে না। ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক মন্তব্য অনুচিত, আপত্তিকর এবং খেলোয়াড়দের জন্য কষ্টদায়ক হতে পারে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ধরনের মন্তব্য বোর্ডের মূলনীতি ও পেশাদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
বোর্ড আরও জানিয়েছে, কোনো ব্যক্তি ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ করলে বা বাংলাদেশের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করলে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। এতে বোঝানো হয়েছে যে, পরিচালকের পদ থাকলেও কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।
বিসিবি পুনর্ব্যক্ত করেছে, ক্রিকেটাররাই বাংলাদেশের ক্রিকেটের মূল কেন্দ্রবিন্দু। অতীতে ও বর্তমানের যারা দেশের জন্য অবদান রেখেছেন, তাদের প্রতি পূর্ণ সম্মান রয়েছে। খেলোয়াড়দের মর্যাদা ও কল্যাণ রক্ষায় বিসিবি সবসময় অটল থাকবে এবং ক্রিকেটের প্রতিটি স্তরে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবে।